ওঙ্কার ডেস্ক: লাগাতার বৃষ্টির জেরে নাজেহাল হয়ে পড়েছিলো বঙ্গবাসী। তবে নিম্নচাপ সরে যাওয়ার কারণে আবহাওয়া বদলাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য জেলায় আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি বেড়েছে তাপমাত্রাও।
শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
শুক্রবার উত্তরবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। কোনও কোনও জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে। এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
