ওঙ্কার ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটে দলের রণনীতি নিয়ে বৈঠক কংগ্রেসের। নতুন গঠিত পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠক সেরে আনুষ্ঠানিক নির্বাচন পর্ব শুরু করল প্রদেশ কংগ্রেস। গোলাম মিরের উপস্থিতিতে শুক্রবার এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও কমিটির ৪০-এর উপর সদস্য ছিলেন এই বৈঠকে।
আসন্ন ভোটে দলের অ্যাজেন্ডা কী হবে কমিটির সদস্যদের কাছে জানতে চান গোলাম মির। সিপিএম বা তৃণমূল কোনও পক্ষের সঙ্গে দল আদৌ জোটে যাবে কি না তা নিয়ে কথা হয়। প্রত্যেকে দাবি করেন একা লড়াইয়ের। সূত্রের খবর, মির জানিয়ে দেন, একা লড়াইয়ের প্রস্তাবই এআইসিসিকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিগত কয়েকমাস ধরে কর্মীদের সঙ্গে সরাসরি মেলামেশার ফলে তাঁদের মনোভাব জেনে যে রিপোর্ট তৈরি হয়েছে তাও পেশ করা হবে।
মির জানিয়েছেন, বঙ্গে জোট নিয়ে কংগ্রেস শীর্ষনেতৃত্ব এখনও কিছুই ভাবেনি। প্রদেশ নেতৃত্বের মতামত জানতে চেয়েছে। পাশাপাশি সিপিএম বা তৃণমূল সূত্রেও কোনও প্রস্তাব কংগ্রেসকে দেওয়া হয়নি বলেই খবর।
