ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে আসন বন্টন নিয়ে বিরোধীদের মধ্যে বাড়ছে জটিলতা। আইএসএফকে আসন দেওয়া নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বামেরা। সূত্রের খবর, বামেদের সিদ্ধান্তে ক্ষুব্ধ নওশাদ। বামেদের ঢিলেমির কারণে চলতি সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে আগামী সপ্তাহে কয়েকটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করার বার্তা দিয়েছে আইএসএফ।
সূত্রের খবর, ক্যানিং পূর্ব ও পশ্চিম দুটি আসনেই আইএসএফ প্রার্থী দিচ্ছে। ভাঙড়েও নওশাদ নিজেই প্রার্থী হতে পারেন, এমন খবরও রয়েছে। তাই সব মিলিয়ে, আগামী সপ্তাহে আইএসএফ প্রার্থী ঘোষণার প্রস্তুতি সিপিএমকেই চাপে ফেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সুত্রের খবর, এবার সিপিআই ২০টি আসন চেয়েছে। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, “বামফ্রন্ট একটা ধারাবাহিকতা। নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক আলাপ-আলোচনা চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্রন্টের তালিকা প্রকাশ করতে পারব।”
বামফ্রন্টের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। কংগ্রেস জোটে না আসায় একুশের নির্বাচনের থেকে এবার কিছু আসন বেশি দাবি করছে শরিকরা। ফরওয়ার্ড ব্লক এখনও পর্যন্ত ৩০টি আসনের দাবি রেখেছে। কিন্তু সিপিএমের তরফে ফরওয়ার্ড ব্লককে বলা হয়েছে, খুব বেশি হলে গোটা ১৫ আসন দেওয়া যেতে পারে। আর তাতেই ক্ষুব্ধ নরেন চট্টোপাধ্যায়রা।
