ওঙ্কার ডেস্কঃ বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে তৎপর কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল কমিশন। সূত্রের খবর এবার দুই দফাতেই ২৫০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রতি দফাতে প্রায় আড়াই লক্ষ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কাজ করবেন বাংলায়।
কমিশন সূত্রে খবর, এবার কেন্দ্রীয় বাহিনীর কাজের ক্ষেত্র শুধু ভোটগ্রহণ কেন্দ্রে সীমাবদ্ধ রাখা হবে না। বুথ এলাকার অন্য প্রান্তে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে হস্তক্ষেপ করতে পারে কেন্দ্রীয় বাহিনী। এমনকী ভোটকেন্দ্রের বাইরে ভোটারকে হুমকি, ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে, বা এই সংক্রান্ত কোনও অভিযোগ পেলে পুনর্নির্বাচন হতে পারে। ছাপ্পা, অশান্তি, বুথ দখলের মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলে সাফ জানাচ্ছে কমিশন।
কমিশন জানিয়েছে প্রতি দফায় প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোথায়, কত মোতায়েন করতে হবে, শান্তিতে ভোট করাতে কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, স্পর্শকাতর বুথের সংখ্যা কত বৃদ্ধি পেল, এসব নিয়ে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বুধবার আলোচনা হয় নির্বাচন কমিশনের। জেলা থেকে রিপোর্ট আসার পরই আধা সেনা মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন।
লালবাজারের সূত্রে খবর, ইতিমধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুট মার্চ। এবার রুট মার্চের ক্ষেত্রে শহরের ‘ট্রাবল মঙ্গার’দের উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।
