অর্পিতা মুখার্জী, কলকাতা: এ রাজ্যে কোনওভাবেই গোমাতাকে হত্যা করতে দেওয়া হবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্ন থেকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে শীঘ্রই বিধানসভায় বিল আনার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আইন থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় গোপনে গোহত্যা চলছে বলে অভিযোগ আসছে। এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু স্পষ্ট জানান, রাজ্যে গোমাতাকে কাটতে দেওয়া হবে না। তিনি বলেন, যে যেভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করুক না কেন, তাঁর অবস্থান পরিষ্কার। এ রাজ্যে গোহত্যা চলবে না। এই ক্ষেত্রে ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন মেনেই কাজ করবে সরকার।
স্লটার হাউসে জবাই বন্ধ হবে কিনা, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, স্লটার হাউসের বিষয়টি আর গোমাতার উপর হাত দেওয়া এক জিনিস নয়। অনুমতি থাকলে স্লটার হাউসে কাজ চলতে পারে।
হাই কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লুকিয়ে গোহত্যা করার চেষ্টা চলছে। কিন্তু তা করতে দেওয়া হবে না। কোথাও এমন ঘটনার তথ্য পেলে তা পাঠিয়ে দেওয়ার কথা বলেন তিনি। সেই সব বন্ধ করে দেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার পশুহত্যা সংক্রান্ত আইন কার্যকর করেছে। ১৯৫০ সালের আইন অনুযায়ী বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছরের কম বয়সি গবাদি পশুকে জবাই করা যাবে না। এছাড়া মাংস কাটার জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
এই বিষয়ে মামলা হয়েছিল হাই কোর্টে। গত ২১ মে কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, পশু জবাই নিয়ে ১৩ মে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বহাল থাকবে। অর্থাৎ উপযুক্ত শংসাপত্র ছাড়া পশু জবাই করা যাবে না। মুখ্যমন্ত্রী এদিন সেই পর্যবেক্ষণের কথাই মনে করিয়ে দেন।
একই সঙ্গে বয়স্ক গরুদের দেখভালের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। গরুর লালনপালন ও চিকিৎসার কাজে এই টাকা ব্যবহার করা হবে