ওঙ্কার ডেস্কঃ পুরনো রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা।
সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। ২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি। কী ভাবে, কতগুলি কিস্তিতে টাকা দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।
মহার্ঘ ভাতা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। গত বছর ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যেকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, ৫০ শতাংশ দিয়ে দিতে হবে। তবে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ ছয় সপ্তাহের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ৪ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতি দিনই শুনানি চলেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে রায়দান স্থগিত ছিল। অবশেষে বৃহস্পতিবার পুরনো নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।
