গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: কেরলে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। সূত্রের খবর মৃতের নাম সুব্রত ভূঁইয়া। বয়স ৩৮। অভাবের তাড়নায় প্রায় ১৪ বছর আগে বাংলা ছেড়ে কেরলে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন যুবক। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ১৪ বছর ধরে কেরলের তালেশ্বরীতে একটি ঠিকাদারি সংস্থার অধীনে নির্মাণ শ্রমিকের কাজ পায় সুব্রত। গত সপ্তাহে আচমকাই কাজ চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। তাঁর পেট ও বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
সুব্রত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুতে কার্যত অথৈ জলে পড়েছেন স্ত্রী সুষমা ভূঁইয়া-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আজ, মঙ্গলবার সকালে কেরল থেকে থেকে সুব্রতর নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো ঘরের ছেলেকে দেখতে মনসা দ্বীপে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। প্রিয়জনকে হারানোর শোকে স্তব্ধ গোটা এলাকা।