নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আগুন লাগলে কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব? বিপদের মুহূর্তে আদৌ কাজ করবে তো শপিং মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা? কাগজে-কলমে নয়, এবার আগুন জ্বালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বাস্তব পরীক্ষা নিল দমকল বিভাগ।
সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পরেই সক্রিয় হয়েছে পুলিশ ও প্রশাসন। সেই সূত্রেই রাজ্যের বিভিন্ন মল, রেস্তোরাঁ ও অন্যান্য জনবহুল জায়গায় বিশেষ নজরদারি চালাচ্ছে দমকল বাহিনী। আজ, বৃহস্পতিবার সেই লক্ষ্যেই দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বহুজাতিক শপিং মলে সকাল থেকেই দমকল বিভাগের আধিকারিকদের বিশেষ অভিযান শুরু হয়। একাধিক নামী ব্র্যান্ডের দোকান, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ এবং গাড়ির শোরুম থাকায় প্রতিদিনই সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। ফলে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় ঘটলে কতটা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, সেটাই আজ হাতেকলমে যাচাই করেন দমকল আধিকারিকরা।
শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে কি না, তা দেখেই পরিদর্শন শেষ করেননি আধিকারিকরা। আগুন জ্বালিয়েও পরীক্ষা করা হয়, জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা দ্রুত সক্রিয় হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে তা কতটা কার্যকর ভূমিকা নিতে পারে যা সরজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা। এই ধরনের বাস্তব পরীক্ষা শপিংমলের অগ্নিসুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত, তা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।