নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার পেশ হল নতুন একটি গুরুত্বপূর্ণ বিল। নাম ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। এই বিলকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনের মাধ্যমে রাজ্যে ‘এক রাজ্য, এক শিক্ষাব্যবস্থা’ নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। বিলটি পাশ হলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণেও বদল আসতে পারে।
বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে রয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে সেটি উচ্চশিক্ষা দফতরের আওতায় আসবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে। ২০০৭ সালে রাজ্য বিধানসভায় আলিয়া বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল। পরের বছর, ২০০৮ সালের ৫ এপ্রিল থেকে সেই আইন কার্যকর হয়। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বিলটি নিয়ে আলোচনা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিলটি বিধানসভায় আনার কথা জানান।বুধবার গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড সংলগ্ন সভামঞ্চ থেকেও বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভায় ইতিমধ্যেই বিলটি অনুমোদিত হয়েছে। রাজ্যপালের কাছেও সেটি পাঠানো হয়েছে।
বুধবারের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ‘দেশবিরোধী’ কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষা দফতর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে জানান তিনি। প্রস্তাবিত বিলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁদের স্থানান্তর সংক্রান্ত বিভিন্ন নিয়ম এই আইনে নির্দিষ্ট করা হয়েছে।