ওঙ্কার ডেস্ক: গোটা দেশেই বাড়ানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা। এখন থেকে দেশের যে কোনও প্রান্তে সফর করলে তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। রাজ্যের বাইরে মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য প্রান্তেও তাঁর সফর ঘিরে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয় বজায় থাকবে।
এই সিদ্ধান্তের পিছনে জঙ্গি গোষ্ঠীর হুমকি রয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিশানা করে হামলার পরিকল্পনা করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয় বলে তদন্তকারী সূত্রের দাবি। পূর্ব বর্ধমানের ‘রেনেসাঁ কমপ্লেক্স’ থেকে হামিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। ধৃত নিজেকে কাশ্মীরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নথির মধ্যে মুখ্যমন্ত্রীর ভিআইপি যাতায়াতের রুট ম্যাপ ছিল। তাঁর নিরাপত্তার সময়সূচি এবং গতিবিধি সম্পর্কিত তথ্যও পাওয়া গিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বিশেষ করে রাজ্যের বাইরে তাঁর সফরের সময় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নতুন ব্যবস্থায় দেশের যে কোনও প্রান্তে মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকলে জেড প্লাস নিরাপত্তার আওতায় তাঁকে রাখা হবে। অর্থাৎ দিল্লি হোক বা অন্য কোনও রাজ্য, সফরের স্থান বদলালেও নিরাপত্তার স্তরে কোনও পরিবর্তন হবে না।