অরুপ পোদ্দার, শিলিগুড়ি : মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজ্য জুড়ে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে সর্বত্র। তেমনই শিলিগুড়ির বিভিন্ন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো। বিশেষ করে শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলে এক মানবিক ছবি ধরা পড়ে। পরীক্ষার প্রথম দিনেই পুলিশকর্মীরা ছাত্রীদের হাতে চকলেট তুলে দিয়ে হাসিমুখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করিয়ে দেন।
এদিন আরও এক প্রশংসনীয় দৃশ্য দেখা যায়। নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় কর্মরত এক ট্রাফিক পুলিশকর্মী জানতে পারে দুই পড়ুয়া স্কুল ভুল করে ওই স্কুলে চলে আসায় সেখান থেকে তাদেরকে নিয়ে রবীন্দ্রনগর উচ্চ বালিকা বিদ্যালয় তাদের পৌঁছে দিয়ে আসার কাজ করেন তিনি।
পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের কথায়, “চিন্তার কোনও কারণ নেই। বাচ্চারা সারাবছর পড়াশোনা করেছে। পুলিশ-প্রশাসনের ব্যবস্থাও যথেষ্ট ভালো।” তাঁদের মতে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আস্থা থাকায় মানসিক চাপ অনেকটাই কমেছে পরীক্ষার্থীদের।
এছাড়াও এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের দার্জিলিং জেলা কনভেনার সুপ্রকাশ রায়। সরকারের পক্ষ থেকে এবছর কি কি বিশেষ পদক্ষেপ গৃহীত হয়েছে পরীক্ষার্থীদের জন্য, সে বিষয় স্পষ্ট করে জানান তিনি।
শিলিগুড়িতে মোট ৪১ টি পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এ বছর পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৭৫১০ জন এবং ছাত্রীর সংখ্যা ৯৯৮৯ জন।
