নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো বটি দিয়ে গলা কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন সংলগ্ন এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অভিযুক্ত সমীর মজুমদার তার ছেলে বাবুসোনাকে বলে মাকে ডেকে আনতে। বাবার কথামতো ছেলে মাকে বাড়িতে ডেকে আনলে স্বামী-স্ত্রীর মধ্যে ফের বচসা শুরু হয়। এর কিছুক্ষণ পর ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে সমীর দুই সন্তানকে নিয়ে স্টেশনের দিকে যায়।
স্থানীয় বাসিন্দাদের তার আচরণ সন্দেহজনক লাগায় জিজ্ঞাসাবাদ করলে সমীর নিজেই জানায়, স্ত্রীকে খুন করে এসেছে। এরপর প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় সুমিত্রা মজুমদারের দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়, পরে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।