স্পোর্টস রিপোর্টার : আই এস এল ফুটবলে শেষ সময়ে সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মনবীর সিং -য়ের গোলে চেন্নাইন এফসি-কে হারিয়ে জয়ের হাসি হাসল মোহনবাগান সুপার জায়ান্ট। একেবারে ছন্নছাড়া ফুটবল খেলেও জেতা যায়, তার উদাহরণ মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইন এফসি ফুটবলারদের গোল করার ইচ্ছা ছিল না। সারা ম্যাচে চেন্নাইন অন্তত সাতটি শট গোলমুখি থাকলেও, গোল হয়নি। মোহনবাগান ৮৫ মিনিটে একটি সুযোগ থেকে গোল পায় সবুজ-মেরুন ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে চেন্নাইন। কিক-অফের পরেই নিকোলা স্তোজানোভিচের শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। স্তোজানোভিচের ক্রস থেকে হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন ইয়াডওয়াড। তারপর তাঁর নিচু শট দক্ষতার সঙ্গে আটকে দেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল। ধীরে ধীরে ম্যাচে ফেরে মোহনবাগান। দুই প্রান্ত ধরে আক্রমণ শানায় তারা। ডান দিক থেকে আলবের্তো রদ্রিগেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্য দিকে, লালিয়ানজুয়ালা ছাংতের পাস থেকে দেজান দ্রাজিচের শট বাঁচিয়ে দেন চেন্নাইনের গোলরক্ষক মহম্মদ নওয়াজ়। শেষ পর্যন্ত প্রথমার্ধের কোনও গোল আসে নি।
বিরতির পর সহাল আব্দুল সামাদ সোজা শট চলে যায় মাঠের বাইরে। খেলার ৫৪ মিনিটে অনিরুদ্ধ থাপাকে জেলকোভিচের জায়গায় মাঠে নামান মোহনবাগান কোচ। আবার ৬৪ মিনিটে রাহুল ভেকের বদলে শুভাশিস বোসকে মাঠে আসেন।
ম্যাচের সেরা শটটি নেন নিকোলা খেলার ৭৮ মিনিটে। তাঁর শট বিশালের হাতে লেগে বারে লেগে ফিরে আসে। ৮১ মিনিটের মাথায় লিস্টন ও অভিষেককে নামান মোহনবাগান কোচ। পরিবর্ত ফুটবলার লিস্টন বাঁদিক থেকে একটি লম্বা ক্রস বাড়ান। বুক দিয়ে বল নামিয়ে গোলের জালে জড়িয়ে দিতে ভুল করেন নি জয় সূচক গোলদাতা মনবীর সিং।চেন্নাইয়িনকে হারালেও মোহনবাগানের গ্রিক কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস বলছেন, যত দ্রুত সম্ভব আজকের খেলা ভুলে যেতে হবে। জয় এসেছে, কিন্তু দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো, বলের দখল ধরে রাখতে না পারা এবং একের পর এক অপ্রয়োজনীয় ভুল, ম্যাচ শেষে এই সমস্যাগুলোর কথাই উঠে এল সবুজ-মেরুন কোচের কথায়। তাঁর মতে, ৪-৪-২-এর বদলে ৪-২-৩-১ ফরমেশনে দলকে বেশি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। তবে ফরমেশন বদলালেই সমস্যার সমাধান হবে না, ভুল কমাতে হবে দ্রুত।