ওঙ্কার ডেস্ক: ৫২ বছর বয়সী সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। স্কুবা ডাইভিং করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গায়কের মৃত্যু হয়েছে জলে ডুবে। স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হয়নি।
সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের হাতে তুলে দিয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে জুবিনের। স্কুবা ডাইভিং করার সময় তাঁর মৃত্যু হয়নি। সিঙ্গাপুর পুলিশ প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাই কমিশনের হাতেও তুলে দিয়েছে। উল্লেখ্য, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। সেই অনুষ্ঠানে গিয়ে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান। তাঁর মরদেহ প্রথমে সিঙ্গাপুর থেকে দিল্লিতে আনা হয়। পরে একটি বাণিজ্যিক বিমানে করে অসমের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। গায়ককে শেষ শ্রদ্ধা জানান বহু অনুরাগী ও ভক্ত।
ইতিমধ্যে অসম পুলিশ জুবিনের মৃত্যুর তদন্তে চার জনকে গ্রেফতার করেছে। জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছিল পুলিশ আগেই। বুধবার সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকেও এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। অন্য দিকে, জুবিনের মৃত্যুর পিছনে কোনও নাশকতা নেই বলে তদন্তের শুরুতেই জানিয়ে দেয় সিঙ্গাপুর সরকার।
