নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: পঞ্চায়েত অফিসের মূল দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকতেই দেখা গেল পরপর আটটি আলমারি ভাঙা পড়ে রয়েছে। জেমুয়া গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল। সরকারি প্রকল্পের ফাইল চুরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শুক্রবার সকালে অফিস খুলতে এসে প্রথম বিষয়টি নজরে আসে পঞ্চায়েত সেক্রেটারি আশিস কুমার শ-র। তাঁর দাবি, মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে একের পর এক আলমারি ভাঙা হয়েছে। ওই আলমারিগুলিতেই বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা থাকত। এরপরই খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দুর্নীতির ফাইল লোপাটের অভিযোগ বিজেপির
ঘটনার খবর ছড়াতেই পঞ্চায়েত অফিসের সামনে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? তাঁদের দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে যে দুর্নীতি হয়েছে, তার নথি সরিয়ে ফেলতেই এই চুরির নাটক সাজানো হয়েছে। যদিও এই অভিযোগের সপক্ষে এখনও কোনও প্রমাণ মেলেনি।
কী বলছেন প্রধান?
অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বক্তব্য, আদৌ কোনও ফাইল চুরি গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আগে তদন্ত হোক, তারপরই সবটা পরিষ্কার হবে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আলমারি ভাঙার পিছনে আসল উদ্দেশ্য কী, চুরি নাকি নথি লোপাট, তা খতিয়ে দেখা হচ্ছে। আটটি আলমারি ভাঙার ঘটনায় রহস্য দানা বেঁধেছে জেমুয়ায়।