কলকাতা: ঘাটে তখন ছটপুজোর ভিড়। ভক্তরা অর্ঘ্য দিতে ব্যস্ত। তার মাঝেই গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল এক পোষ্য কুকুর। প্রাণপণ চেষ্টা করেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে।
সোমবার সকালে সেই দৃশ্য প্রথম নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের। কুকুরটি মাঝগঙ্গায় হাবুডুবু খাচ্ছে দেখে মুহূর্তেই তৎপর হয়ে ওঠেন তিনি।
দেরি না করে এনডিআরএফ এবং ডিএমজিকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী। তিনটি স্পিডবোট নিয়ে নেমে পড়েন এনডিআরএফ কর্মীরা। কিছুক্ষণের চেষ্টাতেই কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটির কাছে উদ্ধার করা হয় সারমেয়টিকে।
ডাঙায় তোলার পর কাঁপছিল কুকুরটি। দৌড়ে যান মন্ত্রী নিজেই। চেয়ারে রাখা সাদা তোয়ালে দিয়ে জড়িয়ে দেন তার শরীর। ঠান্ডা যাতে না লাগে, নিজের হাতে গরম দুধ খাওয়ান তাকে। জানা গিয়েছে, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ছটে এসে কোনওভাবে গঙ্গায় পড়ে গিয়েছিল সে।
পরে মন্ত্রী বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম ভেসে যাচ্ছে। তবুও শেষ চেষ্টা করছে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় ওই কুকুরটিকে উদ্ধার করা গিয়েছে।”