অর্পিতা মুখার্জী, কলকাতা: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থান করা গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের অনুমান, সোমবার সন্ধ্যার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর শুক্রবার দুপুর নাগাদ ভয়ঙ্কর শক্তি নিয়ে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়। ল্যান্ডফলের মুহূর্তে বাতাসের সর্বোচ্চ বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।
ঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ভূখণ্ডে প্রবেশ করবে। নেল্লোর থেকে তুনী পর্যন্ত উপকূলীয় অংশের কোনও এক জায়গায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।
সোমবার সকালের হিসেব অনুযায়ী, সিস্টেমটি শ্রীবিজয়পুরম থেকে ৬৯০ কিমি পশ্চিমে, চেন্নাই থেকে ৭০০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে ৯১০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। মাত্র ঘণ্টায় ৬ কিমি গতিতে এটি উপকূলের দিকে এগোচ্ছে।
এই সিস্টেমের জেরে বাংলায় বুধবার থেকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামবে। ওইদিন কলকাতা ও হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেমি। ওইদিন ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে।
শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা-মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবারের পর থেকে দক্ষিণে বৃষ্টির দাপট কমবে।
উত্তরবঙ্গে এই ঝড়ের সরাসরি প্রভাব পড়বে না। সেখানে মূলত শুকনো আবহাওয়াই থাকবে। বাংলার মৎস্যজীবীদের জন্য এখনও পৃথক সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।