অর্পিতা মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপিরই এক মণ্ডল সহ-সভাপতি। ধৃতের নাম অভিজিৎ করণ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দলেরই আর এক নেতার অভিযোগের ভিত্তিতে তাঁকে ধরেছে পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে পূর্ব মেদিনীপুর সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃত অবশ্য দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই।
অভিজিৎ বিজেপির নন্দকুমার-১ মণ্ডলের সহ-সভাপতি। নন্দকুমার থানা এলাকার চকশিমুলিয়া গ্রামে তাঁর বাড়ি। তাঁর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগকারী বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগের ভিত্তিতেই নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয় অভিযোগ করেছেন, বিধানসভায় প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১১ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। সেই অভিযোগ পেয়েই শনিবার অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ।
রিপুঞ্জয়ের বক্তব্য, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি চাকরিতে মেধাই একমাত্র মাপকাঠি হয়েছে। অথচ তাঁর নাম ভাঙিয়ে আমাদের ওই নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করার লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছেন। দলের অন্যতম শীর্ষনেতা সুনীল বনশলের সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন। তার পর আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি।”
অভিজিতের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কখনও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কখনও ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬ কোটি টাকা তুলেছেন তিনি।
নন্দকুমার থানার ওসি জানিয়েছেন, “শনিবার দুপুর সাড়ে ৩টের সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আপাতত অভিজিৎকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।”