ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংসদের বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একান্ত বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। আওয়ামী লিগের সর্বোচ্চ নেত্রী তথা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলায় বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা শুরু হয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
বুধবার রাতে জাতীয় সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আওয়ামী লিগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে আক্রমণ করেন তিনি। দলটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সাংসদরা। তবে ওই ভাষণের আগেই সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে একান্ত বৈঠক করেন শফিকুর রহমান। জাতীয় সংসদ সূত্রের খবর, বিরোধী দলনেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন তারেক রহমান। সেই আমন্ত্রণ থেকেই দু’জনের মধ্যে বৈঠক হয়। বাংলাদেশের একাধিক সূত্রের দাবি, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই পর্বে প্রাক্তন জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সমর্থনও চাইছেন তারেক রহমান।
বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে অবশ্য দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের জোটসঙ্গী ছিল জামায়াত। তার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল দলটি। দুই দলের রাজনৈতিক ইতিহাসে জোটের নজির রয়েছে। আওয়ামী লিগ এই দুই দলের অভিন্ন প্রতিপক্ষ।