নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বিভিন্ন রাজ্যে উগ্র বাঙালি বিদ্বেষ মাথাচড়া দিচ্ছে। দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। এই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক প্রস্তাব দেন, আসন্ন বাদল অধিবেশনে সংসদে দলের সাংসদদের বাংলা ভাষায় ভাষণ দেওয়ার জন্য।
সোমবার সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো বলব আমাদের নিয়ম নেওয়া উচিত অন্তত এই অধিবেশনে আমরা সংসদে বাংলায় বক্তব্য রাখব, কথা বলব। দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি ১০ বার বলতাম এখন ৫০০ বার বলব।’ অসমের মুখ্যমন্ত্রীর বাংলা বিরোধী মন্তব্য নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন, ‘বাংলায় কথা বললে বিজেপির নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলছেন বাংলাদেশি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? এক জন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাংলায় কথা বললে বাংলাদেশি।’
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে বাঙালি বস্তিতে জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। শুধু তাই নয়, ওড়িশা-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতির ময়দানে সরব হয়ে বিজেপির বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে।
