স্পোর্টস ডেস্ক : কন্যাশ্রী কাপ হোক বা আইডবলুএল চ্যাম্পিয়ন হওয়া সব জায়গায় উজ্জ্বল টিম লাল হলুদ। এবারে এএফসিতেও তারা ফুল ফোটালো কম্বোডিয়ার নম পেনে ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে দিল টিম লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোল ফাজিলার। ৪২ মিনিটে ইস্টবেঙ্গলের ফাজিলা ইকওয়াপুট গোল করলেও তা বাতিল হয়। প্রথমার্ধে স্কোর লাইন থাকে ০-০।দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল দু’টি সুযোগ পায়। প্রথমে, ডান দিক থেকে ফজিলার ক্রস থেকে সুযোগ তৈরি হয়েছিল। এর ঠিক এক মিনিট পরে সুলাঞ্জনা রাউল বক্সের ভেতর শট নিলেও তা থেকে গোল হয়নি। ৭০ মিনিটে নমপেন ক্রাউনের রক্ষণভাগ ভেঙে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। গোলের পর উজ্জীবিত ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে নমপেন ক্রাউনের অধিনায়ক কিম চ্যানথেট চোট পান। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবুও জিততে অসুবিধা হয়নি লাল হলুদের। ৩১ আগস্ট পরের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হংকংয়ের কিচি এফসি।
