ওঙ্কার ডেস্ক: আফ্রিকার দেশ বৎসোয়ানা থেকে বিমানে করে ৯টি চিতা উড়িয়ে নিয়ে আসা হল ভারতে। শনিবার সকালে বায়ুসেনার হেলিকপ্টারে তাদের গোয়ালিয়র থেকে মধ্যপ্রদেশের পালপুর কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সে রাজ্যের বন দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, এর ফলে ভারতে আফ্রিকার চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে।
শনিবার চিতাগুলিকে অভয়ারণ্যে ছাড়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি পার্কে প্রস্তুত করা জাল ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রাণীগুলিকে ছাড়েন। প্রজেক্ট চিতার পরিচালক উত্তম শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, ‘বৎসোয়ানা থেকে বায়ুসেনার বিমানে ন’টি চিতাকে গোয়ালিয়র বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভারতে আফ্রিকার চিতা আনা হল।’ তিনি জানান, মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে তিনটি চিতাকে। ৩৬টিকে ছাড়া হয়েছে কুনো জাতীয় উদ্যানে।
উল্লেখ্য, প্রায় সাত দশক আগে ভারতে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। এই প্রাণীর সংখ্যা কী ভাবে দেশে বাড়ানো যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। অন্য দেশ থেকে আফ্রিকান চিতা এনে ভারতের বিভিন্ন অরণ্যে ছাড়া হয়, উদ্দেশ্য চিতার সংখ্যা বৃদ্ধি করা। ভারত থেকে বিলুপ্ত হওয়া এশীয় উপপ্রজাতির চিতার অস্তিত্ব বর্তমানে রয়েছে ইরানে।
