ওঙ্কার ডেস্ক: মাঝ আকাশে বিমানে কেবিন ক্রুর সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ যাত্রীর বিরুদ্ধ। ঘটনার সময় অভিযুক্ত যাত্রী নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। দুবাই-জয়পুর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে এই ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, এই ঘটনার পর বিমানটি জয়পুরে অবতরণ করলে সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষের গোচরে আনা হয়। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর পুলিশকে খবর দেওয়া হয়। এর পর ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে অশালীন আচরণের জন্য যে যাত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্য দিকে পৃথক আরেকটি এমন ঘটনা ঘটেছে অমৃতসর-দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে। অঅভিযোগ, ওই বিমানেও নেশাগ্রস্থ অবস্থায় এক যাত্রী অন্য আরেক যাত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। গালিগালাজও করেন। শুধু তাই নয় বিমানের এক মহিলা কেবিন ক্রুকে হেনস্থার চেষ্টা করেন বলে অভিযোগ। চটি দেখিয়ে মহিলা ক্রুকে হেনস্থা করেন তিনি। মাঝ আকাশে এমন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-এর নিয়ম অনুযায়ী, বিমানে কোনও যাত্রী শালীনতার সীমা লঙ্ঘন করলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এমন ঘটনায় এয়ারলাইনকে নিজস্ব তদন্ত কমিটি গঠন করতে হয়।
