ওঙ্কার ডেস্ক: মহাকাশে সৌর বিকিরণের ফলে একগুচ্ছ বিমানের উড়ান বাতিল করা হতে পারে। সম্ভাব্য এই সমস্যার কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সংস্থার একাধিক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়া হতে পারে।
সৌর বিকিরণের ফলে বেশ কিছু বিমানের সময়ও বদলে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। সমস্যার কথা উল্লেখ করে আগে থেকেই যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিন উড়ান সংস্থা। উল্লেখ্য, মহাকাশে সৌর বিকিরণ হতে পারে তা জানিয়ে আগেই সতর্ক করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস- ভারতের তিন সংস্থাই বেশির ভাগ ক্ষেত্রে এয়ারবাসের বিমান নিয়ে কাজ করে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের অন্তত ২০০ থেকে ২৫০টি বিমানের পরিষেবায় সমস্যা হতে পারে। ফলে আগামী দিনে পরিষেবায় ব্যাপক গোলযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাসের তরফে জানানো হয়েছে, তাদের তৈরি এ৩২০-ফ্যামিলি জেটগুলি মূলত সৌর বিকিরণের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরণের বিমানগুলিতে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়, তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা। সে কারণে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাতে হবে। সফটওয়্যার এবং হার্ডওয়্যার সংক্রান্ত বিষয়ে কাজ করা দরকার বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
