ওঙ্কার ডেস্ক: রবিবার সকালে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইট আকাশে উঠতেই হঠাৎ ডানদিকের ইঞ্জিনে আগুন ধরা পড়ে। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেন পাইলটরা। আগুন লাগা ইঞ্জিন বন্ধ করে দেন এবং বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনেন।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু অক্ষত আছেন। বিকল্প বিমানে তাঁদের ইন্দোর পাঠানোর ব্যবস্থা চলছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও ইতিমধ্যেই জানানো হয়েছে। মুখপাত্রের বক্তব্য, “এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের সুরক্ষা সবসময়ই সর্বাধিক অগ্রাধিকার। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিমানে যেহেতু দু’টি ইঞ্জিন থাকে, একটি অচল হলেও অন্যটি সচল থাকায় কিছু সময় আকাশে ভেসে থাকতে পারে বিমান। তবে ঝুঁকি থেকেই যায়। এক্ষেত্রে বাঁ দিকের ইঞ্জিনে কোনও ত্রুটি দেখা দিলে বা আগুন ছড়িয়ে পড়লে ফল ভয়াবহ হতে পারত।
সৌভাগ্যবশত তেমন কিছু ঘটেনি। সময়োচিত পদক্ষেপ এবং পাইলটদের দক্ষতার জোরেই প্রাণে বাঁচলেন যাত্রীরা। আপাতত ওই বিমানটিকে পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।
