ওঙ্কার ডেস্ক: সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দানিশ রাও নামে এক শিক্ষককে গুলি করে খুন করা হয়েছে। ঘটনার দু দিন পর সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতে ভয়াবহ ছবি ধরা পড়ল। ওই শিক্ষকের মৃত্যুর পর বন্দুকধারীরা তাঁর মাথায় গুলি চালাতে থাকে।
পুলিশ জানিয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এবিকে হাই স্কুলে ১১ বছর ধরে কম্পিউটার বিজ্ঞান পড়াতেন দানিশ রাও। বুধবার রাতে তিনি দুই সহকর্মীর সঙ্গে বাইরে বেরোলে একটি স্কুটারে চেপে বন্দুকধারীরা এসে হুমকি দেয়। তার কিছুক্ষণের মধ্যেই গুলি করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা গেছে কেনেডি হলের সামনে হঠাৎ করেই কয়েক জনের একটি দল ছত্রভঙ্গ হয়ে যায়। দানিশ যখন রাস্তায় পড়ে যান নিথর অবস্থায়, সেই সময় হামলাকারীদের মধ্যে এক জন নীচে নেমে তাঁর মাথায় বন্দুক রেখে গুলি চালিয়ে যেতে থাকে। ফুটেজে অন্তত ছয়টি গুলির শব্দ শোনা গেছে। পুলিশ সুপার নীরজ জাদন বৃহস্পতিবার জানিয়েছেন, আক্রমণকারী ছিল দুজন। দুজনেই দানিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলি চালানোর আগে, একজন বন্দুকধারী রাওকে বলেছিল, ‘তুমি আমাকে এখনও চিনতে পারোনি, এখন তুমি চিনবে।’
ওই দিন গুলির শব্দে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন মানুষজন। গুলিবিদ্ধ অবস্থায় দানিশকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে ছয়টি দল গঠন করেছে পুলিশ। হামলাকারীদের খুঁজে বের করতে এবং গ্রেফতারের জন্য স্থানীয় সিসিটিভিগুলির ফুটেজ পর্যালোচনা করছেন তদন্তকারীরা।
