ওঙ্কার ডেস্ক: ভারী বৃষ্টিপাত এবং তার জেরে বিপর্যয়ের কারণে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত করা হল। গান্দেরবাল জেলায় বালটাল যাত্রাপথে পাথরের আঘাতে এক মহিলার মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বুধবার এই ভূমিধসে আহত হয়েছেন আরও তিন জন। উল্লেখ্য, ৩ জুলাই থেকে শুরু হয়েছে এই যাত্রা। শুরুর পর চলতি বছরে এই প্রথম জম্মুতে তা স্থগিত করা হয়েছে।
বালটাল রুটে ভূমিধসের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উঁচু থেকে জলকাদার স্রোত নেমে আসছে নীচের দিকে। আর যে স্রোতের টানে দুই জন পুণ্যার্থীকে ভেসে যেতে দেখা গিয়েছে। ভূমিধসের হাত থেকে বাঁচতে অনেককে রেলিং ধরে থাকতেও দেখা গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, বর্ডার রোড অর্গানাইজেশন যাত্রাপথের পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত তীর্থযাত্রা স্থগিত থাকবে। দুটি যাত্রাপথের মাধ্যমে তীর্থযাত্রীরা যান। যার মধ্যে একটি অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার বালটাল রুট। চলতি বছরে এখনও পর্যন্ত দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী ৩৮৮০ মিটার উঁচু এই মন্দিরে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। আগামী ৯ আগস্ট এই তীর্থযাত্রা শেষ হওয়ার কথা। এই যাত্রার জন্য কয়েক হাজার সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
