ওঙ্কার ডেস্কঃ বঙ্গে বিধানসভা ভোট। ভোটের আগে দলের প্রস্তুতি, খুঁটিনাটি দেখতে বাংলায় এসেছিলেন অমিত শাহ। কলকাতায় এসে ভোটে টিকিট পাওয়া নিয়ে বিজেপি বিধায়কদের স্পষ্ট বার্তা দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা ‘পারফর্ম’ করলে টিকিটও ‘কনফার্ম।
ভোট প্রায় দোরগোড়ায়। এখন পদ্ম নেতাদের লক্ষ্য ২৬–এর টিকিট পাকা করা। তাই কেউ লবি করছেন, কেউ দলের শীর্ষ সাংগঠনিক নেতাদের বাড়িতে যাচ্ছেন, কেউ বা আবার কেন্দ্রীয় মন্ত্রীর দরজার কড়া নেড়ে ভাব জমাচ্ছেন। এসব খবর শাহের কাছে ছিলই। সূত্রের খবর, কলকাতায় এসে বঙ্গ–বিজেপিকে শাহ বুঝিয়ে গেছেন, ‘দাদা’ ধরে কোনও লাভ নেই। ভোটে টিকিট পাওয়ার চাবিকাঠি— আগামী দু’মাসের পারফরম্যান্স। এ রাজ্যে বিজেপির ৬৫ জনই বিধায়কের গতিবিধিই এখন তাঁর নজরে। আগামী দু’মাস কতটা ‘পারফর্ম’ করলে টিকিট নিশ্চিত হবে, দলীয় বিধায়কদের সেই রূপরেখাও তৈরি করে দিয়ে গিয়েছেন শাহ।
গত বুধবার সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে বিজেপি বিধায়ক–সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, শাহ শুরুতেই জানান, “বড় নেতাদের দরজায় কড়া নেড়ে কোনও লাভ হবে না। টিকিট চাইলে পারফর্ম করুন।”
ভালো পারফরম্যান্সের বেঞ্চমার্ক কী, মোদীর মন্ত্রিসভার সেকেন্ড ম্যান তাও জানিয়েছেন স্পষ্ট করে। সূত্রের খবর, ওই বৈঠকে বিধায়কদের উদ্দেশে শাহ বলেন, ‘এখন থেকে সপ্তাহে অন্তত চার দিন নিজের বিধানসভা কেন্দ্রে রাত কাটাতে হবে। যত বেশি সম্ভব ভোটারদের বাড়ি যেতে হবে। কবে কোন এলাকার কোন কোন ভোটারের বাড়ি যাওয়া হবে, সেই তালিকা আগেই তৈরি করে রাখতে হবে। সপ্তাহে অন্তত পাঁচটি পথসভা করতে হবে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায়। নিয়ম করে যেতে হবে এলাকার বিশিষ্ট মানুষদের বাড়ি।’
