ওঙ্কার ডেস্কঃ ভোটমুখী বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের পর শুক্রবার রাতেই কলকাতায় পা রাখবেন শাহ। একমাসে দুই বার শাহ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বঙ্গ বিজেপির নেতা কর্মীরা জানাচ্ছেন, শাহ বাংলায় আসছেন, রণকৌশল সাজাতে। এবারে কোনও জনসভা নয়, কর্মী বৈঠকেই বেশি জোর দিচ্ছে বিজেপি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, “দু’টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে। একটি বারাসতে, অন্যটি শিলিগুড়িতে।”
সূত্রের খবর, শুক্রবার রাতে নিউটাউনের হোটেলে দলের কোর কমিটির বৈঠক হবে। শনিবার সকালে বারাসতের কর্মী সম্মেলন হবে বারাকপুরের আনন্দপুরী মাঠে। তারপর সেখান থেকে বিকেলে শিলিগুড়ি যাবেন শাহ। সেখানেও কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
কোর কমিটির বৈঠকে দলের রণকৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। পাশাপাশি ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করবেন শাহ। আর বারাকপুর ও শিলিগুড়ির কর্মিসভা থেকে রাজনৈতিক বার্তা দেবেন দলের কর্মীদের উদ্দেশে। সূত্রের খবর, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে দলকে চাঙ্গা করতে, একেবারে বুথস্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় ফেরাতে কী কী করণীয়, এসব নিয়েই বৈঠক করবেন অমিত শাহ। পাশাপাশি কোন নেতার উপর কী দায়িত্ব বাড়বে, নির্বাচনী কমিটি তৈরি করবেন কি না, এইসব নিয়েও অমিত শাহর দলীয় বৈঠক থেকে বার্তা মিলবে বলে মনে করা হচ্ছে।
সরকারি সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ০৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে শাহর বিমান। রাত ৯টা থেকে নিউটাউনের হোটেলে দলের কোর কমিটির বৈঠক শুরু হবে। শনিবার সকাল ১১টায় বারাকপুরে কর্মী-সম্মেলন। তারপর দুপুর দুটোর সময় কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। সাড়ে তিনটে নাগাদ বাগডোগরায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে সাংগঠনিক বৈঠক। বৈঠক শেষে বিকেল সাড়ে চারটের সময় বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
