ওঙ্কার ডেস্কঃ বঙ্গভোটের দামামা বেজেছে। ফুলে ফুলে আসল দ্বন্দ্ব হলেও ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দলই। ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে রাজ্য জুড়ে পথসভা, জনসভা বা রথযাত্রার যে পরিকল্পনা রয়েছে পদ্মশিবিরের, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জেনেছেন অমিত শাহ। এমনকি রাজ্যের শাসকদলের অবস্থান, ভাবনা, প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন, জানতে চেয়েছেন দলীয় কর্মীদের থেকে।
তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন শাহ। সোমবার বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছে যান সল্টলেকে বিজেপির দফতরে। রাতেই সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক সারেন। রুদ্ধদ্বার বৈঠক চলে। সেই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও বিজেপি নেতাই মুখ খোলেননি।
সূত্রের খবর, ভোটের আগে জনসংযোগের বিষয় আলোচনা হয়েছে। জনসংযোগের ক্ষেত্রে রাজ্যের বিজেপি নেতৃত্ব কী কী পরিকল্পনা করেছেন, সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সব সম্পর্কে আলোচনা হয়।
জনসংযোগ হিসাবে রথযাত্রারও আয়োজন করবে বিজেপি। পাঁচ দিক থেকে রথ এসে জড়ো হবে এক জায়গায়। সেই কর্মসূচির প্রস্তুতি সম্পর্কেও শাহ জেনেছেন বলে খবর। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই ভোটের প্রচারে বঙ্গে আসবেন বিজেপির সর্বভারতীয় নেতানেত্রীরা। সেই তালিকায় থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহ সকলেই।
মঙ্গলবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বসবেন শাহ। এর আগে পশ্চিমবঙ্গের জন্যক আলাদা করে সঙ্ঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক আগে কখনও করেননি। তবে এ বার নির্বাচনী প্রচারে নামার আগে সঙ্ঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন শাহ।
