ওঙ্কার ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বাংলা নির্মাণ করা লক্ষ্য বিজেপির। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও জানান, মায়ের কাছে প্রার্থনা করেছি নির্বাচনের পর বাংলায় যেন এমন এক সরকার তৈরি হয়, যারা সোনার বাংলা নির্মাণ করতে পারে।
অমিত শাহ এদিন বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, এই নির্বাচনের পর বাংলায় এমন এক সরকার তৈরি হোক, যারা সোনার বাংলা নির্মাণ করবে। আমাদের বাংলা যেন আবার সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলাং সুফলাং তৈরি হয়। এখানে যেন কবিগুরুর স্বপ্নের বাংলা আমরা নির্মাণ করতে পারি।’ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গন থেকে তিনি পশ্চিমবঙ্গ এবং দেশের মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানান। শাহ বলেন, আমাদের এই নবরাত্রিতে নয় দিনের পুজো মহোৎসব, আজ কেবল বাংলা নয়, ভারত নয় গোটা বিশ্বে বহু প্রসিদ্ধ হয়েছে। নয় দিন গোটা বাংলায় ছোট থেকে শুরু করে বড় সবাই শক্তিপুজোতে সামিল হয়। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। গত এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে যে নারকীয় হামলা ঘটেছিল, তার বদলা নিতে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। সেই অভিযান কলকাতার এই পুজোতে তুলে ধরা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পর এদিন সল্টলেকের ইজেডসিসিতেও পুজোর উদ্বোধন করেন অমিত শাহ।
উল্লেখ্য, দুর্গাপুজো উদ্বোধন করতে বুধবার তৃতীয়ার রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও।
