ওঙ্কার ডেস্ক: আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কারা পাবেন না এই প্রকল্পের টাকা সে বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, যাদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এ ছাড়া পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে কিংবা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার আওতায় রয়েছেন তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামবাংলার মহিলাদের ক্ষেত্রে তিনটি ঘর থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। এ ছাড়া বিধবা মহিলা, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছর তাঁরা পাবেন সুবিধা। তবে অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা তাঁরা পাবেন না।
রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে। ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের মহিলাদের এই সুবিধা দেওয়া শুরু করে শুভেন্দু অধিকারীর সরকার। তবে এই তালিকায় লক্ষ্মীভাণ্ডারের মতো অযোগ্য প্রাপক আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন। বুধবার তিনি বলেন, ‘গত মাসে প্রশ্ন উঠেছিল অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এবার গ্রামীণ এলাকায় মহিলাদের ৩টির বেশি ঘর থাকলে মিলবে টাকা। এতে গ্রামীণ মহিলাদের সংখ্যা বাড়বে।’