ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে বড় ধরণের নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকড়াও করা হল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্টকে। ধৃত পাক চরের কাছ থেকে উদ্ধার হয়েছে ফোর্ট উইলিয়ামের ছবি ও ম্যাপ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই সন্দেহভাজনের নাম রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম।১৪ বছর ধরে ভারতে থাকছিল সে। এ দেশে থেকে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করে নিয়েছিল। বাংলাদেশ পালানোর পথে হাবড়ায় এসটিএফের হাতে পাকড়াও হয় সে। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় রানাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে তার আরও এক সহযোগী মহম্মদ ইজাজকে।
রানাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইছেন, ১৫ আগস্টের আগে কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা। জেরায় ধৃতরা জানিয়েছে, ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো ও রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের কাজ। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে সেনার গতিবিধি ও সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্যও তারা সংগ্রহ করেছিল। এসটিএফ এর আক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বাড়ি পাকিস্তানের ফয়সলাবাদ জেলার হাফিজাবাদ গ্রামে। ২০১২ সালে নেপালের কাঠমান্ডু সীমান্ত দিয়ে রকসোল হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তারা। এ রাজ্যে ঢোকার পর কলকাতার তপসিয়ায় থাকতে শুরু করে। ইজাজের সাহায্যে রানা ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়েছিল।