ওঙ্কার ডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজের সন্তানকে নদীতে ছুড়ে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। ছেলেকে নদীতে ছুড়ে ফেলার পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। ইতিমধ্যে ছয় বছরের শিশুর খোঁজে অনুসন্ধান শুরু করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম হিতেশ কুমার। তাঁর স্ত্রী গত এক মাস ধরে অমৃতসরে নিজের বাপের বাড়িতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে থাকছিলেন। আর তাঁদের ছয় বছর বয়সী ছেলেটি বাবার সঙ্গেই থাকছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়া হয় হিতেশের। এর পর সোমবার রাতে ছেলে গগনদীপকে পারেল ব্রিজে নিয়ে যান অভিযুক্ত। অভিযোগ, সেখানে নিজের সন্তানকে নদীতে ছুড়ে ফেলেন তিনি। পর দিন মঙ্গলবার সকালে হিতেশ কুমার পুলিশের হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করে গোটা ঘটনার কথা জানান। পুলিশ প্রথমে তাঁর দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে। পরে তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। যে ভাড়া বাড়িতে শিশুটি থাকত সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছে হিতেশ। তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেফতার করে। এবং নদীতে তল্লাশি অভিযান শুরু করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (চাম্বা) দীনেশ শর্মা জানান, নদীতে তল্লাশি চালানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। পুলিশ স্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার আগে দম্পতির মধ্যে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।