ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া এক ২০ বছরের পাকিস্তানি যুবককে আটক করল পুলিশ। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরের আর্নিয়া মহকুমার সাই কালান এলাকায় হয়েছে বলে খবর সূত্রের। হরপীর ব্রিজের কাছে সাই কালান মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রাই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, ধৃতের নাম আওয়াইস রাজা। বাবার নাম ইমদাদ হোসেন। বাড়ি পাকিস্তানের লায়া জেলার জারানওয়ালার বস্তি গোকলে।
সূত্রের খবর ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ওই যুবক বারবার বয়ান বদলাচ্ছে বলে অভিযোগ। কখনও বলছে রাস্তা হারিয়ে ফেলেছিল, কখনও বলছে ভুল করে চলে এসেছে। কোন পথে এল, কেন এল — তা নিয়েও পরস্পরবিরোধী কথা বলছে। আর তাতেই তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। আসল উদ্দেশ্য লুকোচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারীরা বুঝতে চাইছেন, এটা নিছক ভুল করে সীমান্ত পেরিয়ে আসা, নাকি সীমান্তে নজরদারি কতটা সতর্ক তা যাচাই করার চেষ্টা, নাকি এর পিছনে অনুপ্রবেশ বা চোরাচালানের বড় কোনও পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, আর্নিয়া-আরএস পুরা বেল্টে গত কয়েক মাসে একের পর এক এমন ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর কাঠুয়ার হিরানগর সেক্টরের ববিয়া এলাকায় কাঁটাতারের কাছে ৬০-৬৫ বছরের এক পাক অনুপ্রবেশকারীকে ধরা হয়। তার তিন দিন আগে, ৮ সেপ্টেম্বর, আরএস পুরার অক্টরয় আউটপোস্টের কাছে সীমান্ত পেরিয়ে আসার সময় সারগোধার বাসিন্দা সিরাজ খানকে আটক করে বিএসএফ। ৩ সেপ্টেম্বর কানাচকের সোহান বর্ডার আউটপোস্টের কাছে ধরা পড়ে পাকিস্তানের শিয়ালকোটের লুনি গ্রামের বাসিন্দা নাজির। সেও ভুল করে ঢুকে পড়ার দাবি করেছিল। এর আগে মার্চ মাসে রামগড় সেক্টরের ভাল্লার বর্ডার আউটপোস্টের উল্টো দিকে এক বৃদ্ধ পাক নাগরিককে আটক করা হয়েছিল।
নিরাপত্তা আধিকারিকরা বলছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ মানসিকভাবে অসুস্থ বা ভুল করে চলে আসে, পরে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যতক্ষণ না পুরোপুরি যাচাই হচ্ছে, প্রতিটি ঘটনাকেই সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসাবেই দেখা হয়। জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকা অনুপ্রবেশ ও চোরাচালানের দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। তাই প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।