ওঙ্কার ডেস্ক: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা বারবার জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই লক্ষ্যে প্রশাসনিক পদক্ষেপও শুরু করলেন তিনি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন হাসিনা। গত দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে প্রথমবার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর আবেদন মঞ্জুর হওয়ার উপরই দেশে ফেরার দিনক্ষণ অনেকটা নির্ভর করছে।
২০২৪ সালের ৫ অগস্ট গণআন্দোলনের চাপে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। আন্দোলন দমনের নামে সরকারি বাহিনীর অভিযানে কয়েকশো মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠে হাসিনার বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি মামলায় ২০২৫ সালে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। পরবর্তী সময়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শুরু থেকেই এই বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুজিব কন্যা। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিচার চলছে। অন্যদিকে, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লির উপর ধারাবাহিকভাবে চাপ তৈরি করছে বিএনপি সরকার।
এর মধ্যেই আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন হাসিনা। এবার সেই প্রত্যাবর্তনের প্রস্তুতিতে পাসপোর্টের জন্য আবেদন করলেন তিনি। রয়টার্স সূত্রে খবর, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার প্রীতি রহমানের কাছে হাসিনার আইনজীবীরা এই আবেদন জমা দিয়েছেন। তবে তারেক রহমানের সরকার চাইছে, পাসপোর্টের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে দেশে ফেরানো হোক।