অর্পিতা মুখার্জী, কলকাতা: চিনের হাতে উন্নত কৃত্রিম মেধার চিপ তুলে দেওয়া নিয়ে আমেরিকায় ফের বড় বিতর্ক শুরু হয়েছে। মার্কিন কংগ্রেসের একটি কমিটির প্রকাশ করা নথি থেকে জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সরকার ছ’মাসের মধ্যে চিনে প্রায় ৯ লাখ অত্যাধুনিক এআই চিপ পাঠানোর অনুমতি দিয়েছিল এনভিডিয়া এবং এএমডিকে।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি বৃহস্পতিবার লাইসেন্স সংক্রান্ত যে তথ্য সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে এই অনুমোদন দেওয়া হয়। যে চিপগুলির কথা বলা হচ্ছে, তার মধ্যে রয়েছে এনভিডিয়ার এইচ২০০ প্রসেসর এবং এএমডির এমআই৩২৫এক্স মডেল।
কমিটির হিসেব অনুযায়ী, ওই সময়ে মার্কিন বাণিজ্য বিভাগ মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রফতানিতে সায় দেয়। এর মধ্যে আলিবাবা পাওয়ার কথা ছিল ৭৫ হাজার, টেনসেন্টের জন্য বরাদ্দ ছিল দেড় লাখ, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বৈদ্যুতিক গাড়ি তৈরির সংস্থা বিওয়াইডির জন্য চার হাজার চিপ। ঘটনাচক্রে এই চারটি সংস্থার নামই পেন্টাগনের তৈরি সেই তালিকায় আছে, যেখানে চিনা সেনার সঙ্গে যোগ থাকার অভিযোগ তোলা হয়েছে।
জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
চিনের কাছে উন্নত এআই প্রযুক্তি পৌঁছে যাওয়া নিয়ে ওয়াশিংটনে এমনিতেই কড়া পর্যালোচনা চলছে। তার মধ্যে এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াঙের সঙ্গে এক চিনা গুপ্তচরের যোগাযোগের খবর সামনে আসায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর মার্কিন আইনপ্রণেতাদের একাংশ চিনে সংবেদনশীল প্রযুক্তি পাঠানোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন।
লাইসেন্সের নথি থেকে আরও জানা যাচ্ছে, ওই ছ’মাসে চিপ নির্মাতা সংস্থাগুলি চিনে ৩৪ লাখের বেশি এআই চিপ পাঠানোর জন্য আবেদন করেছিল। তবে অনুমোদন পাওয়া চিপের মধ্যে বাস্তবে কতগুলি চিনে পৌঁছেছে, তা নথি থেকে পরিষ্কার নয়।
বাণিজ্য বিভাগের সাফাই, সংস্থার দাবি
বাণিজ্য বিভাগ জানিয়েছে, এনভিডিয়ার এইচ২০০ চিপের লাইসেন্স দেওয়ার সময় ২০২৬ সালের জানুয়ারিতে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি নিয়মকে ভিত্তি করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু অতিরিক্ত শর্ত মানতে হয়। শর্ত পূরণ হলে আবেদন সরাসরি বাতিল না করে প্রতিটি ক্ষেত্রে আলাদা করে খতিয়ে দেখার সুযোগ রাখা হয়।
তবে মার্কিন সরকারের প্রাক্তন আধিকারিক এবং আমেরিকা-চিন প্রযুক্তি প্রতিযোগিতার বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ের এই অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, অনুমোদিত চিপের ৩০ শতাংশের বেশি এমন সংস্থার কাছে যাওয়ার কথা ছিল, যাদের সঙ্গে চিনা সেনার সম্পর্ক আছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ আগেই চিহ্নিত করেছে। তারপরেও কেন অনুমোদন দেওয়া হল, লাইসেন্স দেওয়ার আগে জাতীয় নিরাপত্তার বিষয়টি ঠিকমতো খতিয়ে দেখা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এনভিডিয়ার দাবি, তারা কঠোর শর্ত মেনেই ট্রাম্প সরকারের অনুমোদন পেয়েছিল। রফতানির পরিমাণও সীমিত ছিল। সংস্থাটি আরও জানিয়েছে, লাইসেন্স পেলেও তারা চিনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করে দিয়েছে। এএমডি জানিয়েছে, তারা আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ আইন মেনে চলে এবং সারা বিশ্বে কার্যক্রম চালানোর ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করে।
আলিবাবা, টেনসেন্ট, বাইদু, বিওয়াইডি, মার্কিন বাণিজ্য বিভাগ এবং ওয়াশিংটনে চিনা দূতাবাস, এখনও এই বিষয়ে মুখ খোলেনি বলে খবর।
বাইডেনের কড়াকড়ি থেকে ট্রাম্পের ছাড়
প্রসঙ্গত, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন চিনের উন্নত এআই প্রসেসর পাওয়ার সুযোগের ওপর বিধিনিষেধ চাপিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, এই প্রযুক্তি বেজিংয়ের সামরিক শক্তি বাড়িয়ে দিতে পারে এবং এআই ক্ষেত্রে আমেরিকার এগিয়ে থাকার জায়গাটাকেও দুর্বল করে দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় দফায় সেই নীতিতে আংশিক বদল আসে। এনভিডিয়াকে চিনে এইচ২০০ চিপ পাঠানোর অনুমতি দেন তিনি। সেই সিদ্ধান্ত তখনই আইনসভার একাংশের সমালোচনার মুখে পড়েছিল। বেজিংয়ের ওপর থেকে প্রযুক্তিগত কড়াকড়ি শিথিল করার বিরোধী ছিলেন তাঁরা।