ওঙ্কার ডেস্ক: কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো তৈরি করা হবে, এমনটাই খবর লালবাজার সূত্রে। মূলত অপরাধ সংক্রান্ত তথ্যে আরও স্বচ্ছতা আনতে এই ডিসিআরবি তৈরির সিদ্ধান্ত। মঙ্গলবার পুলিশ কমিশনার এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনে এবার থেকে ডিসিআরবি তৈরি করা হচ্ছে।
লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশে এখন দশটি ডিভিশন রয়েছে। এই ডিভিশনগুলোতে ক্রাইম রেকর্ড ব্যুরোর কাজ হবে, ‘ইন্টারোপেরাবেল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম’ বা আইসিজেএস-এর আওতায় থাকা বিষয় ও অপরাধের তথ্যের উপর নজর রাখা। ডিভিশনের ডিসি-র আওতায় আট জন ডিসিআরবি-র দায়িত্বে থাকবেন। অফিসার ইনচার্জ হবেন একজন সাব-ইন্সপেক্টর। তাঁর অধীনে তিনজন করে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও চারজন করে কনস্টেবল থাকবেন। পরবর্তী সময়ে ডিসিআরবিতে পুলিশকর্মীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। রাজ্য পুলিশের এসসিআরবি ও জাতীয় স্তরে এনসিআরবি-র ধাঁচেই তৈরি করা হচ্ছে এই ডিসিআরবি।
প্রত্যেকটি থানার অপরাধের ডেটা প্রতিনিয়ত ডিসিআরবিকে পাঠাতে হবে। সঙ্গে সেই ডেটার মান ও মামলার অবস্থা খতিয়ে দেখবে এই ব্যুরো। যদি কোনও সমস্যা হয়, সে ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্রাইম রেকর্ড সেকশনকে ডিসিআরবি অবগত করবে। অপরাধের ডেটা সংক্রান্ত বিষয়ে রাজ্য ক্রাইম রেকর্ডস ব্যুরোর সঙ্গে যোগাযোগ রাখবে ডিসিআরবি। ডিসিআরবি-র আধিকারিকরা নিজেদের ডিভিশনের প্রত্যেকটি থানা পরিদর্শন করবেন। ডেটা সময়মতো পাঠানো হচ্ছে কিনা, থানাগুলি নিয়ম মানছে কিনা, তা খতিয়ে দেখে এই শাখা সতর্কও করতে পারে। ভুল থেকে শিক্ষা নিচ্ছে কিনা থানাগুলি, সেদিকেও ডিসিআরবি কড়া নজর রাখবে।