ওঙ্কার ডেস্কঃ রাজ্য সরকারের বাজেটে ‘কল্পতরু’ বাজেটে অখুশি আশাকর্মীরা। ভাতা চাই না, তাদের দাবি, বেতন চাই। শুক্রবার ১১ দফা দাবিতে আবারও পথে নামলেন আশাকর্মীরা। স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বাংলার বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত করেন স্বাস্থ্যভবন চত্বরে। স্বাস্থ্যভবনের কিছুটা আগে ব্যারিকেড করে তাঁদের আটকে দেয় পুলিশ। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশকর্মীরা। উত্তপ্ত হয় পরিস্থিতি।
সম্প্রতি আট দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা। সেসময় উত্তাল হয়ে উঠেছিল শহর, রাজ্যরাজনীতি। আশাকর্মীদের কথা মাথায় রেখে অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার দিয়েছে রাজ্য। আশাকর্মীদের মাসিকভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ১৮০ দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। কিন্তু এই ভাতাবৃদ্ধিতে একেবারেই খুশি নন আশাকর্মীরা।
শুক্রবার স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত করেন স্বাস্থ্যভবন চত্বরে। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশকর্মীরা।
আশাকর্মীদের বক্তব্য, আমরা ১০০০ টাকার জন্য আন্দোলন করিনি। আমরা বেতন চেয়েছি। ভাতা বাড়াতে হবে না। আমরা পরিশ্রম করে বেতন পাব না কেন?” তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হলে ৩১ মার্চের মধ্যে সারাবছরের যে কাজের খতিয়ান তুলে ধরতে হয়, তা তাঁরা দেবেন না।
