ট্রেন থেকে ব্যাগ বদল হয়েছিল। নীল রঙের ব্যাগ। তার মধ্যে ছিল ঠাসা আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর ব্যাগটি ছিল হুগলি জেলার পোলবার বাসিন্দা কমল ঘোষের। যিনি প্রাক্তন সিআরপিএফ জওয়ান এবং বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত। এমতাবস্থায় আগ্নেয়াস্ত্র ভর্তি হারিয়ে যেতেই দুশ্চিন্তায় পড়েন তিনি। তবে রেল পুলিশের তৎপরতায় কিছু সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার হয়।
জানা যায়, বর্ধমান-হাওড়া ‘গ্যালপিং লোকাল’ ট্রেনে চন্দননগর থেকে শ্রীরামপুর যাওয়ার পথে একটি নীল রঙের একটি পিঠ ব্যাগ হারিয়ে ফেলেন কমল। সূত্রের দাবি ওই ব্যাগে ছিল একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড তাজা গুলি (অ্যামুনেশন) এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। ফলে ব্যাগটি হারিয়ে গেলে যে কেউ তার অপব্যবহার করতে পারত বলে আশঙ্কা প্রকাশ করছিলেন তিনি।
জানা যাচ্ছে, বুধবার শেওড়াফুলি জিআরপি থানায় এই সংক্রান্ত খবর আসে। দ্রুত শুরু হয় তদন্ত। খবর পাওয়টার সঙ্গে সঙ্গে শেওড়াফুলি জিআরপি থানার একটি দল তৎপরতার সাথে বিষয়টি খতিয়ে দেখে। স্টেশনের সিসিটিভি দেখে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচী আউটপোস্টের সহায়তায় তারা তেলকোপা গ্রামে ব্যাগটির সন্ধান পায় এবং সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করে।
তদন্তে জানা গিয়েছে যে, ওই একই ট্রেনে যাত্রী ছিলেন শেখ রাজু। তিনি সিঙ্গুরে একটি দোকানে কাজ করেন। শেওড়াফুলি রেল স্টেশনে ভুলবশত ট্রেনের লাগেজ রাখার জায়গা (বাঙ্কার) থেকে ব্যাগটি নিয়ে নিয়েছিলেন, কারণ তাঁর কাছেও ঠিক একই রকম ও রঙের একটি ব্যাগ ছিল।
স্টেশনে নেমে বুঝতে পারেন ভুল করে নিজের ব্যাগটি রেখে অন্যের ব্যাগ নিয়ে নেমে পরেছেন। পরে তিনি ব্যাগ খুলে পিস্তল আর গুলি দেখে ভয় পেয়ে যান। শেষমেশ রেলের তৎপরতায় আগ্নেয়াস্ত্র গুলোর অপব্যবহার হওয়ার আগেই ব্যাগটি ফিরে পান কমল ঘোষ।