নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: একই বাড়ি থেকে উদ্ধার দেওর ও বৌদির রহস্যজনক মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, বৌদিকে বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিস। অন্যদিকে, দেওরকে তাঁর নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট না। খুন না আত্মহত্যা তা জানতে ইতিমধ্যেই দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
জানা গিয়েছে, মৃতার নাম সেরাডিপা তালুকদার। পেশায় একজন শিক্ষিকা ছিলেন তিনি। আর দেওরের নাম সঞ্জীব কুমার দে। পেশায় একজন টোটো চালক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সঞ্জীবের স্ত্রী ও এক কন্যা রয়েছে। অন্যদিকে মৃতা মহিলারও এক পুত্র সন্তান রয়েছে। সূত্রের চাঞ্চল্যকর দাবি, ঘটনার দিন মৃতার ছেলে বাড়িতে অসুরক্ষিত বোধ করছিল। পারিবারিক পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, আঁচ করে সে বাড়ি ছেড়ে পালায়। পরে সেখান থেকে পালিয়ে কোতোয়ালি থানায় পৌঁছে পুলিশকে বিষয়টি জানায় ওই কিশোর। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটো উদ্ধার করে।
তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। পারিবারিক বিবাদের জেরেই কি এই ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ—তা এখনও স্পষ্ট নয়। একই বাড়িতে দু’জনের অস্বাভাবিক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের বাকিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কীভাবে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।