স্পোর্টস রিপোর্টার : কলকাতা লিগের সুপার সিক্স পর্বের ম্যাচে প্রথমার্ধে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ৫-১ গোলে জিতলো মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল মনবীর সিংয়ের। বাকি গোলগুলি করেছেন সাহাল আব্দুল সামাদ, সন্দীপ মালিক ও কিয়ান নাসিরি।২ মিনিটের মাথায় মনবীর সিংয়ের দুর্দান্ত সেট-আপ থেকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিস্টন কোলাসো। ৫ মিনিটে তো গোলের সহজ সুযোগ নষ্ট করলেন তিনিই। কোল ইন্ডিয়ার গোলকিপার সঞ্জয় কুমার ভট্টাচার্য এগিয়ে এসেছিলেন। তাঁকে টপকে বল জালে জড়ানোর চেষ্টা করেও সফল হলেন না লিস্টন।
কোল ইন্ডিয়াও অবশ্য পালটা আক্রমণে উঠে আসছিল। ২০ মিনিটে গোল মোহনবাগানের। সামাদের ডিফেন্স-চেরা পাস পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মনবীর। ২৫ মিনিটে আবার সুযোগ। ডান দিক থেকে কিয়ান নাসিরির পাস ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি মনবীর। বল চলে যায় কোল ইন্ডিয়ার গোলকিপার সঞ্জয়ের দস্তানায়। ৩৩ মিনিটে আর ভুল করেননি সাহাল। তিন ডিফেন্ডারকে দাঁড় করিয়ে দুরন্ত শটে জাল কাঁপান। এর পর যেন গোলের বন্যা। ৩৬ মিনিটে কিয়ান নাসিরির পরিমিত সেট-আপ থেকে সাইড ভলিতে দৃষ্টিনন্দন গোল সন্দীপ মালিকের।৪২ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল মনবীরের। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ম্যাচ কার্যত হাতের মুঠোয় করে নেয় মোহনবাগান।
বিরতির পরেও আক্রমণের ধার কমেনি। ৪৭ মিনিটে মনবীরের আরও একটি সুযোগ কোনও মতে সামাল দেয় কোল ইন্ডিয়া। ৫৮ মিনিটে কিয়ানের ক্রস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোহনবাগানের সায়ন। ৭৩ মিনিটে আবারও একা গোলকিপারকে পেয়েও লক্ষ্যভ্রষ্ট সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে ৭৪ মিনিটে কোল ইন্ডিয়া একটি গোল শোধ করে। সন্দীপ মালিকের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ইরফান। ততক্ষণে অবশ্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৫-১ গোলে জেতে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে গোল মিস করে মোহনবাগান। ডার্বি হারের পরে এই জয় সত্যি গুরুত্বপূর্ণ। শুক্রবার ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।