ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরু শহরে চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ত্বকের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক তরুণী। সেখানে গিয়েই ঘটেছে অপ্রীতিকর ঘটনা।
ঘটনাটি ঘটে ১৮ অক্টোবর। স্থানীয় এক ত্বকবিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যান ওই তরুণী। চিকিৎসার অজুহাতে অভিযুক্ত চিকিৎসক তাঁকে পোশাক খোলার নির্দেশ দেন। এরপরই চিকিৎসক অশালীনভাবে স্পর্শ করেন তরুণীকে ও জোর করে চুম্বন করার চেষ্টা করেন। তরুণীর অভিযোগ, চিকিৎসক তাঁকে একাধিকবার ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেন, এমনকি একটি হোটেলে দেখা করার কথাও বলেন। তরুণী আপত্তি জানালে হুমকি দেওয়াও শুরু করেন ওই চিকিৎসক।
পরিস্থিতি সহ্য করতে না পেরে তরুণী পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পরিবারের উদ্যোগেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও হুমকির ধারায় মামলা রুজু হয়েছে।
ঘটনার জেরে চিকিৎসা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।চিকিৎসা ক্ষেত্রে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে।
উল্লেখ্য, গত বছর আর.জি. কর মেডিক্যাল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছিল। তার পর ফের বেঙ্গালুরুর এই ঘটনা চিকিৎসা পরিষেবার নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
