ওঙ্কার ডেস্ক: গত বছর বাংলাদেশে ক্ষমতার পালা বদল হওয়ার পর শাসনভার সামলাচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। মহম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কুর্সিতে বসার পর গ্রেফতার করা হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। বর্তমানে তিনি জেলে বন্দি রয়েছেন। যা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকে। এই আবহে নিজেদের হিন্দু বিরোধী মুখ ঢাকতে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মহম্মদ ইউনুস।
শনিবার জন্মাষ্টমীর দিনে মহম্মদ ইউনুস বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ সমাজে ন্যায়বিচার, মানবিক করুণা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। যেখানেই তিনি অন্যায় বা নিপীড়ন দেখেছেন, সেখানেই তিনি ভালো শক্তিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। স্রষ্টার প্রতি ভক্তি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার উপর কেন্দ্রীভূত তাঁর দর্শন এবং মূল্যবোধ কেবল সনাতন ধর্মের অনুসারীদেরই নয়, সকল ধর্মের মানুষকেও অনুপ্রাণিত করবে।’
শনিবার ঢাকায় জন্মাষ্টমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রায় বাংলাদেশের তিন বাহিনীর প্রধান অংশ নেবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল উপস্থিত থাকবেন। তিন বাহিনীর প্রধানই জন্মাষ্টমী উপলক্ষে তাঁদের শুভেচ্ছা জানাবেন এবং ঢাকার পলাশী মোড় থেকে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করবেন।
