ওঙ্কার ডেস্ক: বিচারে জালিয়াতি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত। বুধবার ঢাকার একটি আদালত এই রায় দিয়েছে। শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর খালেদ মিয়া জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আর্জি জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দিয়েছেন।
এদিন শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হকের পক্ষে কোনও আইনজীবী আদালতে সওয়াল করেনি। উল্লেখ্য, গত সপ্তাহে, খায়রুলকে তাঁর ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করেছিল পুলিশ। রিপোর্টে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর খায়রুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় কম করে দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতিকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও রায়ে জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতারের কথা জানায় পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন খায়রুল হক। পরের বছরের ১৭ মে তিনি অবসর নেন। পরে ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। তিন বছরের সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কয়েক বার তাঁকে পুনর্নিয়োগ করা হয়। ২০২৪ সালে ১৩ আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
