ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৪ জন সেনাপ্রধানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। অভিযুক্তদের মধ্যে ১৩ জন আধিকারিক বর্তমানে কর্মরত। এই বহু সংখ্যক সেনা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ করা হলে বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে যথেষ্ট চাপে পড়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
এখন যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে তা হল, অভিযুক্ত অফিসারদের বিচার সেনা আইনে নাকি ফৌজদারী দণ্ডবিধি মেনে হবে। তবে একাংশের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইন বাংলাদেশের সকলের জন্য সমান। তাই সেনাদের উপর এই আইন প্রয়োগ হতে বাধা নেই। অন্য দিকে বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বাহিনীর অন্দরে ক্ষোভ তৈরি হওয়ার কারণ, তিনি আগেই জানিয়েছেন সেনাবাহিনী বাদে অন্যান্য নিরাপত্তা সংস্থায় যেসব সেনারা দায়িত্বে রয়েছেন তাঁদের কাজকর্ম অনুসন্ধান করে দেখা হচ্ছে। কেউ নিয়ম না মেনে কাজ করলে সাজা পাবেন।
উল্লেখ্য, যে ২৪ জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তার মধ্যে আয়না ঘর মামলায় অভিযুক্ত ১২ অফিসার। এই ১২ জনের মধ্যে চার জন বর্তমানে কর্মরত। তারা হলেন মেজর জেনারেল কবির, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, মেজর জেনারেল শেখ সরওয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল আজাদ। দ্বিতীয় মামলাটি টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল। এই মামলায় অভিযুক্ত ১২ অফিসার এর মধ্যে নয় জন কর্মরত। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ, কর্নেল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, লেফটেন্যান্ট কর্নেল মশিউর, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল সুমন।
