ওঙ্কার ডেস্কঃ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্য জুড়ে রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা হচ্ছে । আর সেই পরীক্ষা নিয়েই প্রতারণার ফাঁদ পেতে বসেছিল এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত গণেশ বাছাড়।
বসিরহাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে গোপনে যোগাযোগ করে প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার দাবি করছিল গণেশ। পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। কয়েকজন পরীক্ষার্থীই প্রথমে বিষয়টি পুলিশকে জানান।
অভিযোগ পেয়ে বসিরহাট থানার পুলিশ একাধিক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। তাদের বয়ানেই সামনে আসে এই প্রতারণার ঘটনা । এরপরই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছাড়কে গ্রেফতার করে পুলিশ।তদন্তকারীদের অনুমান, এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত চলছে।
