ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশি সন্দেহে একাধিকবার বাঙালি শ্রমিকদের অত্যাচারিত হতে হয়েছে। এবার ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিককে খুনের অভিযোগ। সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে শ্রমিকের গলায় ফাঁস দেওয়া দেহ। এই খবর বেলডাঙায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।
সূত্রের খবর, মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৬ বছর। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। বছর পাঁচেক আগে ঝাড়খণ্ড যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। আলাউদ্দিনের জামাইবাবু ওসমান শেখ জানান, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাঁকে। ফোনে একথা জানিয়েছিলেন শ্যালক। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও তেমন কোনও লাভ হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ মোবাইল।
শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, যে ছবি তাঁরা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে রয়েছেন আলাউদ্দিন। তাতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে যুবককে। মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। রেল লাইন অবরোধ করেন একদল। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যা ফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে।
