ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোট। ভোটের আগে ফের স্বমহিমায় ফিরছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেশ কিছু সময় দলের থেকে দূরে থাকলেও বিধানসভা নির্বাচনের আগে খোদ অমিত শাহ তাঁকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের বেফাঁস মপ্নতব্য করলেন বিজেপি নেতা। হিন্দুত্বে শান দিতে গিয়ে তিনি ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে বিতর্কিত কথা বললেন। দিলীপ ঘোষের কথায়, ‘‘বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দু। আমাদের কালচার, লাইফস্টাইল হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না।”
বাংলার শাসকদল বার বার অভিযোগ করে, ধর্মীয় মেরুকরণ অস্ত্রের উপর ভর করে বিজেপি বাংলা জিততে চায়। মঙ্গলবার দিলীপের মন্তব্যে তারই প্রতিফলন দেখা গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইসকন মন্দিরের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা শাহর। অমিত শাহর এই সফর নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বলা হয় বিজেপি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু ভোটের আগে অমিত শাহ রাজ্যে এসে মায়াপুরের ইসকন মন্দিরে যাচ্ছেন, এটা কি হিন্দুত্বে জোর দেওয়া নয়?
দিলীপ ঘোষ বলেন, ‘‘মায়াপুরের ইসকন মন্দির বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান। ওদের কর্তৃপক্ষ অনেকদিন ধরেই চাইছিলেন যে অমিত শাহ ওখানে যান। কিন্তু উনি সময় করতে পারছিলেন না। এবার এসে মায়াপুরে যাবেন। আমার মনে হয়, সকলেরই একবার করে মায়াপুরের ইসকন মন্দির ঘুরে আসা উচিত। আর তাছাড়া বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। এই দেশ হিন্দু। আমাদের কালচার, আমাদের লাইফস্টাইলে হিন্দুত্ব। ফালতু সেকুলারিজম দেখাই না আমরা। আমাদের জীবনচর্যা, আমাদের আদর্শে হিন্দুত্ব আছে।” দিলীপ ঘোষের এহেন মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
