ওঙ্কার ডেস্ক : ইনস্টাগ্রামে র্যাপিডো নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি যিনি শেয়ার করেছেন তিনি হলেন বেঙ্গালুরুর এক মহিলা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সেন্ট্রাল এলাকায় যাবার সময় র্যাপিডো চালক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। বাধা দেওয়া সত্ত্বেও ওই র্যাপিডো চালক তাঁর কথায় কর্ণপাত করেনি। চালকের “অসভ্যতামি”র নিয়ে ওই মহিলা তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, বাইক চলাকালীন পিছনে বসা অবস্থায় তাঁর ঊরুতে হাত রাখে চালক। কিছুক্ষণ পর হাত বোলাতে শুরু করে। বারণ করা সত্ত্বেও ওই বাইক চালক তাঁর ঊরু থেকে হাত সরায়নি।
ঘটনাটি ৬ নভেম্বরের বলে জানা গেছে। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেওয়ার পর ভিউয়ার্সদের নজরে আসে। মহিলাটি জানিয়েছেন যে তিনি চার্চ স্ট্রিট থেকে তার পেয়িং গেস্ট আবাসনে ফিরে যাওয়ার জন্য একটি র্যাপিডো বুক করেছিলেন। বাসায় ফেরার পথে বাইকচলাকালীন এই ঘটনা ঘটে। মহিলাটি তাঁর পোস্টে লিখেছেন, ঘটনায় তিনি এতটাই বিমূঢ় হয়ে পড়েছিলেন যে তার ভিডিও করে রাখার কথা মাথায় আসেনি।
তিনি আরও লিখেছেন,, “যখন সে আবার এটা করল, আমি তাকে বললাম, ‘ভাইয়া, কেয়া কর রহে হো, মাত করো’, কিন্তু সে থামেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাকে বাইক থামাতে বলতে পারিনি কারণ আমি এই জায়গায় নতুন এবং আমি কোথায় ছিলাম তা জানতাম না। যখন আমি গন্তব্যে এসে পৌঁছালাম তখন আমি কাঁপছিলাম এবং কাঁদছিলাম।”

তার মতে, কাছে থাকা এক ব্যাক্তি তাঁর অসহায়তা আন্দাজ করে এগিয়ে আসেন। কি হয়েছে তা জানতে চান। তখন তিনি বাইক চালককে পাকড়াও করেন। তাতে সে ক্ষমা চেয়ে নেয়। বলে, এমনটা আর হবে না। কিন্তু ওই বাইক চালকটি চলে যাবার সময় এমন ভাবে আঙুল তুলে কী বলে গেল যাতে ওই মহিলা আর নিজেকে নিরাপদ মনে করেননি। এমন কথাই তিনি লিখেছেন ইনস্টাগ্রামে।
এই পোস্টটি তিনি একারণেই শেয়ার করলেন যাতে অন্যকোনো মহিলা এইধরণের পরিস্থিতির শিকার না হন। তিনি বলেন “আমি এটা শেয়ার করছি কারণ কোনও মহিলাকে এইরকম কিছুর মধ্য দিয়ে যেতে হবে না – ক্যাবে নয়, বাইকে নয়, কোথাও নয়। আমার সঙ্গে এইরকম কিছু প্রথমবার ঘটেনি, কিন্তু আজ আমি এতটাই নিরাপদহীনতা বোধ করছিলাম যে চুপ করে থাকতে পারিনি। দয়া করে সতর্ক থাকুন, আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং চুপ করে থাকবেন না।”
